সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:২৬
সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের সময়েও সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। তিনি সংবিধান ও বিধি-বিধান অনুসরণ করেই দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।


রাষ্ট্রপতির পদত্যাগের পর জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুললেও, সেসব অভিযোগকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন। ফলে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না।


মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধি অনুযায়ী তাকে ছয় মাস নিরাপত্তা সুরক্ষা দেওয়া হবে। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।


উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য