রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৭
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা


রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


ইসির ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় ভোটের সময়, ব্যালট সংগ্রহ ও জমা দেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের করণীয় তুলে ধরা হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে। এ সময় নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণের কার্যক্রম অব্যাহত রাখবেন। সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় সরবরাহকৃত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।


নিজ আসনে বসার পর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও নির্বাচনী সংখ্যা-সংবলিত ব্যালট সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ব্যালটটি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।


ব্যালটের অভ্যন্তরীণ অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালটটি সংসদ কক্ষের সংলগ্ন নির্ধারিত ব্যালট বাক্সে রাখতে হবে।


কোনো কারণে ব্যালটে লেখার সময় ভুল হলে ব্যালট বাক্সে রাখার আগে সেটি নিয়ে নির্বাচনী কর্মকর্তার কাছে যেতে হবে। এ ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোট প্রদানের জন্য সংসদ সদস্যদের বৈঠকে নির্বাচনী প্রচারণা করা যাবে না। এ উদ্দেশ্যে কোনো বক্তব্য বা প্রস্তাবও দেওয়া যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১১(২) বিধি অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।


ভোটদানের সময় কোনো রাজনৈতিক সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।


এ ছাড়া ব্যালট লেখার সময় ভোটারের পূর্ণ নাম লেখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এসব নির্দেশনা জারি করা হয়েছে।


উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণ-অভ্যুত্থানের পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের কারণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।


দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য