ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন।
রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছিলেন, সংশ্লিষ্ট শাড়িটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আদালত সমন জারির আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন মামলার পরবর্তী কার্যক্রম আদালতেই নিষ্পত্তি হবে।
এদিকে, ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। সিনেমাটি এখনও মুক্তি না পেলেও আদালতের এ নির্দেশনার পর তাঁকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।