পরিবেশদূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০
পরিবেশদূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর



পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।


বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু ও পানিদূষণ নিয়ন্ত্রণ, মাটির দূষণ কমানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়েও আলোচনা করা হয়।


পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে এগুলোর ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবেশদূষণ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।


এ ছাড়া মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য