রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। এ ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল।
এ ছাড়া তিনি বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন এবং বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ১২ থেকে ১৪ বছর বয়সী খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের ইতোমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত ক্রীড়াবিদদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। সরকারের লক্ষ্য, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে মাঠমুখী করা।