সরকারের নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমানে জ্বালানির দামে কিছুটা বৃদ্ধি দেখা গেলেও গত কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে জ্বালানির মূল্য তুলনামূলকভাবে কম ছিল।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য দিনব্যাপী বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে আগের পরিস্থিতির তুলনায় বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতির আওতায় যে শুল্ক কার্যকর ছিল, দেশটির নিজস্ব আইনে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় একই হারে তা নতুন নামে বহাল রাখা হয়েছে। ফলে নতুন শুল্ক আরোপের কারণে বাংলাদেশের জন্য অতিরিক্ত কোনো প্রভাব সৃষ্টি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।