বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি আহ্বান মাহদী আমিনের

বিভাগ: অর্থনীতি রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 04 Jul 2026, 12:52 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি আহ্বান মাহদী আমিনের

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার সমান সুযোগ নিশ্চিত, নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে।

শনিবার (৪ জুলাই) রাজধানী ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে সরকার বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগ সহজ ও টেকসই করতে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।

তিনি জানান, স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন এবং আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। একই সঙ্গে বৃহৎ অভ্যন্তরীণ বাজার, তরুণ কর্মশক্তি এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির কারণে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মুনাফা সহজে দেশে ফিরিয়ে নেওয়ার সুযোগ, উদার অর্থনৈতিক নীতি, অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক ও হাইটেক পার্কে কর-সুবিধাসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। অতীতে অসম প্রতিযোগিতা নিয়ে যে উদ্বেগ ছিল, তা দূর করে দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মার্কিন কোম্পানিগুলোর প্রতি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় শিল্পের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আরও বড় ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, উড়োজাহাজ, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বস্ত্র, ওষুধ, কৃষিভিত্তিক রপ্তানি এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে সম্পৃক্ত করে ‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন সার্কুলেশন’-এ রূপান্তর করা প্রয়োজন।

তিনি বাংলাদেশে বিনিয়োগবিষয়ক রোডশো আয়োজন এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করতে সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করে মাহদী আমিন বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সফলতা বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদেরও এ দেশে বিনিয়োগে উৎসাহিত করবে।

বক্তব্যের শেষে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসকে ধন্যবাদ জানান তিনি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel