৩০ শতাংশের কম অগ্রগতির উন্নয়ন প্রকল্প বাতিলের নির্দেশ, বাড়ছে নজরদারি

বিভাগ: অর্থনীতি রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 04 Jul 2026, 07:11 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
৩০ শতাংশের কম অগ্রগতির উন্নয়ন প্রকল্প বাতিলের নির্দেশ, বাড়ছে নজরদারি

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া উন্নয়ন প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের কম, সেগুলো পুনর্মূল্যায়নের পর প্রয়োজন হলে বাতিল করা হবে। একই সঙ্গে অতিরিক্ত ব্যয়, অনিয়ম ও দীর্ঘসূত্রতার অভিযোগ থাকা প্রকল্পগুলোর তদন্ত, ড্যাশবোর্ডভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু এবং যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতদিন বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বলতে মূলত অবকাঠামো খাতের প্রকল্পকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে নিয়মিত বরাদ্দ পাওয়া প্রকল্পের পাশাপাশি বরাদ্দবিহীন অনেক প্রকল্পও তালিকাভুক্ত থাকে। দেশি বা বিদেশি অর্থায়ন নিশ্চিত হলে এসব প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হয়। তবে অনেক প্রকল্প বছরের পর বছর সামান্য বরাদ্দ নিয়ে তালিকায় থাকলেও বাস্তব অগ্রগতি খুবই সীমিত থাকে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কয়েকটি প্রকল্পের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এমন অনেক প্রকল্প রয়েছে যেগুলোর মেয়াদ চার থেকে পাঁচ বছর ধরে বারবার বাড়ানো হলেও কাজের অগ্রগতি কিংবা ব্যয়ের গতি নেই। এসব প্রকল্পে সমস্যা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে এবং সেগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনার আওতায় একটি প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিকল্পনা কমিশন, প্রোগ্রামিং বিভাগ এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সক্ষমতা ও কার্যকারিতা আরও বাড়ানো হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের এডিপির আকার প্রায় ৩ লাখ কোটি টাকা। এতে নির্দিষ্ট বরাদ্দসহ প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রায় ১ লাখ কোটি টাকার ব্লক বরাদ্দের আওতায় রাখা হয়েছে আরও প্রায় ১ হাজার ২০০টি প্রকল্প, যার মধ্যে ১৭৯টি প্রকল্পের সম্ভাব্য বিদেশি অর্থায়ন যাচাই করা হবে।

এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, যেসব প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নেই, সেগুলোর জন্য অর্থ বরাদ্দের যৌক্তিকতা থাকে না। তাই প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ও পারফরম্যান্সকে গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, নতুন সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই উন্নয়ন কর্মসূচিকে নতুনভাবে সাজাতে চাইবে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত ৯৭৬টি বিনিয়োগ প্রকল্পের গড় বয়স ৫ দশমিক ৭ বছর। এর মধ্যে ৪৭টি প্রকল্পের বয়স ১০ বছরেরও বেশি, যা দীর্ঘসূত্রতার চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

মেনু
🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা অন্যান্য চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল
Admin Panel