মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাসের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল জানতে চান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হলেও স্বাধীনতার এত বছর পরও তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা সম্ভব হয়নি। অথচ তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

তিনি বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণাভিত্তিক একটি পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে। সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী জানান, এসব উদ্যোগের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং একটি বিস্তারিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন। সেই পরিকল্পনার ভিত্তিতেই প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন সম্ভব হবে। পাশাপাশি তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা যাবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য