জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১৩:৪৮
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী


জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্নজন নানা বক্তব্য দিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই আন্দোলনের কৃতিত্ব এ দেশের জনগণের। এটি কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। গত ১৭ বছর তারা মাঠে ছিলেন এবং কখনো জনগণকে একা রেখে মাঠ ছেড়ে যাননি বলেও মন্তব্য করেন তিনি।


তারেক রহমান বলেন, বিশ্বের ইতিহাসে দেখা যায়, কোনো আন্দোলন ধীরে ধীরে গড়ে ওঠে এবং একপর্যায়ে তাতে জনগণের অংশগ্রহণ ঘটে। জুলাই-আগস্টের আন্দোলনও একইভাবে গড়ে উঠেছে। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।


সংস্কারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তারা যখন সংস্কারের কথা বলা শুরু করেছিলেন, তখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই এ বিষয়ে কথা বলেনি। তাদের সংস্কারের প্রস্তাবগুলো পর্যায়ক্রমে ৩১ দফায় পরিণত হয়েছিল। বিগত সরকারের সময়ে দেশ থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলেও দাবি করেন তিনি।


তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাংক, স্বাস্থ্য ও কৃষি খাত ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে জনগণ কষ্ট স্বীকার করছে এবং সরকার তাদের এ অবস্থা থেকে বের করে আনতে সাধ্যমতো চেষ্টা করছে।


স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছর পরও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা সম্ভব হয়নি। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জেলা পর্যায়ে অধিকাংশ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং জেনারেল হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সুবিধা স্থাপন করা হবে। পাশাপাশি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ১০ শয্যার ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য