আগামী তিন বছরের মধ্যে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৬ আগস্ট) ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে ১৫১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হলে এসব হাসপাতালে প্রসূতি নারীদের জন্য ২৫ শয্যার বিশেষ ওয়ার্ড রাখা হবে। শিশুদের জন্য থাকবে ২০ শয্যার পৃথক ওয়ার্ড।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের এসব হাসপাতালেই কিডনি ডায়ালাইসিসের মতো বিশেষায়িত সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যখাত ও চিকিৎসাসেবার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের চিকিৎসা খাত মারাত্মকভাবে অবহেলিত হয়েছে। বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি চিকিৎসা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দায়বদ্ধতার অভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতকে নতুন একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে এবং চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আমরা কাজ করতে চাই।’
উপজেলা পর্যায়ে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।