দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর আজ দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে এই জনপ্রিয় অভিনেতাকে।
বিষয়টি নিশ্চিত করে ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, কয়েক দিনের জন্য দেশে ফিরলেও চিকিৎসার প্রয়োজনে খুব শিগগিরই আবার লন্ডনে যেতে হবে ইলিয়াস কাঞ্চনকে।
তিনি বলেন, “আজ বিকেলে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তবে তার এই আসা দীর্ঘদিনের জন্য নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাকে আবার ফিরতে হবে।”
ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। জানা গেছে, এরই মধ্যে তাকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রভাব তার শারীরিক অবস্থাতেও পড়েছে।
চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে লিটন এরশাদ বলেন, “এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা লন্ডনে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। তবে কাঞ্চন নিজেও দেশে ফিরতে চেয়েছিলেন। তাই পরিবারের সিদ্ধান্তে কয়েক দিনের জন্য তাকে দেশে আনা হয়েছে।”
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসার পরবর্তী ধাপের পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী ১৫ আগস্ট আবার লন্ডনে ফিরবেন এই বরেণ্য অভিনেতা।