আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দে
রুহুল আমিন
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬
আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন


প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে নানা প্রজাতির বৃক্ষের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ তহবিলের অর্থায়নে, আত্রাই উপজেলা কৃষক দলের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


​বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চড়কতলা থেকে ধীরেন মৈত্রের বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই চলবে না, রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই সাথে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানাচ্ছি।


​কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম-সম্পাদক ময়নুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিঠু, এবং চক শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ। ​সড়কের দুই পাশে চারা রোপণ কার্যক্রম শেষে চড়কতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে আরও বেশি করে গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য