চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সোহেল রানা (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাধিকাগঞ্জ এলাকার বারেক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর কবীর সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় সোহেল রানাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারনামীয় আরও আটজন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি, পলাতক আসামি এবং মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা, মদদ ও সহযোগিতাকারীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন “মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।”