টিকা না পাওয়া শিশুদের জন্য আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩১
টিকা না পাওয়া শিশুদের জন্য আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার


দেশের যেসব এলাকার শিশু এখনো হাম-রুবেলার টিকার আওতায় আসেনি, তাদের সবাইকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি হামের চিকিৎসা নির্দেশিকা আরও কার্যকরভাবে ব্যবহারের জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।


সভা শেষে স্বাস্থ্যসচিব বলেন, হাম পরিস্থিতি নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রায় সব পক্ষের প্রতিনিধিরা অংশ নিয়ে বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করেন।


তিনি জানান, দেশের কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু এখনো টিকা পায়নি। এসব এলাকার শিশুদের টিকার আওতায় আনা হবে। বর্তমানে সরকারের হাতে আরও ১৬ লাখ টিকা রয়েছে।


আইসিসির সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, হামে আক্রান্তদের মধ্যে ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশ আক্রান্তের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস, ১৪ শতাংশের বয়স ৫ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।


এদিকে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকাপ্রাপ্ত এসব শিশুর বয়স ছয় মাস থেকে পাঁচ বছর।


স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫ জনে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন।


সব মিলিয়ে চলতি বছর দেশে হামে ৯১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের বড় একটি অংশের বয়স পাঁচ বছরের কম এবং তাদের অনেকেই কোনো ধরনের হাম-রুবেলার টিকা পায়নি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য