বলিউড অভিনেতা সালমান খানের প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ভারতের চণ্ডিগড় আদালতে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে সালমান খানকে সমন পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তার বোন আলভিরা খান অগ্নিহোত্রীকেও তলব করা হয়েছে।
প্রায় দেড় দশক ধরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সালমান খানের বিপণন প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে প্রতিষ্ঠানটি আলোচনায় এসেছে। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি জটিলতা তৈরি হয়েছে।
চণ্ডিগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত ‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। তার দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে একটি গয়নার শোরুম খুলতে প্ররোচিত করা হয়েছিল। পরে সালমানের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিশ্রুত সহযোগিতা না পাওয়ায় তিনি কোটি কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।
অরুণের ভাষ্য অনুযায়ী, শোরুমটি চালু করতে তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন। এ জন্য ‘বিয়িং হিউম্যান’-এর জুয়েলারি বিক্রির লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে তার চুক্তি হয়। শোরুম প্রস্তুত করতেই প্রায় ১ কোটি রুপি খরচ হয়। এরপর বিক্রিও শুরু করেন তিনি।
তবে অরুণের অভিযোগ, তিনি চুক্তির শর্ত পূরণ করলেও ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’ তাদের অংশের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করেনি। পরে বাধ্য হয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে শোরুমটি বন্ধ করে দেন তিনি। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অরুণ।
তবে সালমান খানের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অরুণ গুপ্তের সঙ্গে হওয়া চুক্তির সঙ্গে সালমান খানের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। তিনি শুধু ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’কে ব্র্যান্ডের পণ্য বিক্রির লাইসেন্স দিয়েছিলেন।
মামলাকারী অরুণের দাবি, রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংয়ের সময় সালমান খানের সঙ্গে তার দেখা হয়েছিল। তখন শোরুম উদ্বোধনে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন সালমান। তবে প্রতিশ্রুতি দেওয়ার পরও তিনি শোরুমে যাননি বলে অভিযোগ অরুণের।
এ ঘটনায় তার বিপুল আর্থিক ক্ষতির দায় কে নেবে—সে প্রশ্নও তুলেছেন মামলাকারী।
এ বিষয়ে সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চণ্ডিগড় আদালত সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী এবং ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালকদের তলব করেছেন। আগামী ৫ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।