উদ্বোধনের পর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরটির স্মৃতি ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ফলক উন্মোচনের পর সুরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন।
এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও ইতিহাস সম্পর্কে অবহিত হন।
প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন বুধবার জাদুঘরটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।