গ্যাসের সংকট বিএনপি সরকার তৈরি করেনি, বরং এটি পূর্ববর্তী সরকারের সৃষ্টি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতও পূর্ববর্তী সরকার ধ্বংস করে গেছে। এখন এসব খাতের উন্নয়নে বিএনপি সরকার কাজ করছে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাশ্চাত্যের অনেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে তিন থেকে চার শ বছর সময় লেগেছে। অথচ পাঁচ মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই অনেকে বলছেন সরকার ব্যর্থ। এটি চরম অসহিষ্ণুতা।
তিনি বলেন, গণমাধ্যম শক্তিশালী থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে। টেলিভিশনে ওয়েজবোর্ড নেই, কথা নেই, বার্তা নেই—কর্মী ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে কোনো প্রতিবাদও হচ্ছে না। তাই গণমাধ্যমের নিজেদের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
সেমিনারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, করপোরেট ব্যবসার সঙ্গে সাংবাদিকতা পেশাকে গুলিয়ে ফেলা উচিত নয়। জুলাইয়ের রক্তক্ষয়ের পর নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে। দ্রুত টেকসই গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।