ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেই বলিউড তারকাদের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সেই বিতর্কের কেন্দ্রে এবার উঠে এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
গত কয়েক দিন ধরে আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় শাহরুখসহ কয়েকজন শীর্ষ বলিউড তারকা সমালোচনার মুখে পড়েছেন। অনেক নেটিজেনের প্রশ্ন, দেশের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এই ইস্যুতে কেন তিনি এখনো মুখ খুলছেন না।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের লন্ডনে পরিবারের সঙ্গে কাটানো কিছু ছবি। ছবিতে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় তাকে। হুডি ও সানগ্লাস পরা শাহরুখের সেই ছবিগুলো ছড়িয়ে পড়তেই নতুন করে সমালোচনার ঝড় ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, “আপনি কি লন্ডনে এতটাই ব্যস্ত যে নিট কেলেঙ্কারি নিয়ে একটি পোস্টও করতে পারলেন না?” আরেকজন মন্তব্য করেন, “আপনারও সন্তান রয়েছে। অন্তত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহানুভূতি জানিয়ে কিছু বলতে পারতেন।”
এর আগে শুক্রবার শাহরুখ খানের নাম ব্যবহার করে নিট ইস্যুতে একটি পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেলেও বিষয়টি ঘিরে বিতর্ক থামেনি।
জানা গেছে, নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে সম্প্রতি মেয়ে সুহানা খানকে নিয়ে লন্ডনে গিয়েছেন শাহরুখ খান। ভাইরাল হওয়া ছবিগুলো ওই সফরের সময় তোলা বলে ধারণা করা হলেও সেগুলো ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখ খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার এই নীরবতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।