বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে: বাকৃবি উপাচার্য

দে
মুহাম্মদ সোহান
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:০০
বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে: বাকৃবি উপাচার্য



বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেছেন, পেশাজীবী সংগঠনের মূল উদ্দেশ্য হওয়া উচিত সংশ্লিষ্ট পেশাজীবীদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। তবে অধিকার আদায়ের ক্ষেত্রে নীতি-নৈতিকতা ও চাকরিবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।


মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত বাকৃবি অফিসার পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২৭) অভিষেক অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপাচার্য বলেন, পেশাজীবী সংগঠনের সদস্য হিসেবে চাইলেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো সব ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্ভব নয়। তাই সংগঠন গঠনের উদ্দেশ্য ও কার্যক্রম গভীরভাবে বিশ্লেষণ করে পেশাজীবীদের কল্যাণে কাজ করতে হবে। তিনি নবনির্বাচিত নেতাদের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীদেরও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাঁদের সফলতা কামনা করেন।


কর্মকর্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দিয়ে উপাচার্য বলেন, নবনির্বাচিত নেতৃত্ব নিজেদের আদর্শ ধারণ করে নীতি-নৈতিকতা ও চাকরিবিধি অনুসরণ করে কর্মকর্তাদের যৌক্তিক দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 


সংসদ সদস্য ওয়াহিদ বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কর্মকর্তাদের যৌক্তিক দাবিদাওয়া পূরণে অগ্রগতি আসবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যায় পাশে থাকারও আশ্বাস দেন তিনি।


বাকৃবি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রয়াত কর্মকর্তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নবনির্বাচিত পরিষদের নেতারা এবং বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক ও সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক।


এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য