মাভাবিপ্রবির তিন শিক্ষার্থীর উদ্যোগে স্মার্ট কার্ড প্রজেক্ট এর সফল সম্প্রসারণ ও বাস্তবায়ন

দে
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩
মাভাবিপ্রবির তিন শিক্ষার্থীর উদ্যোগে স্মার্ট কার্ড প্রজেক্ট এর সফল সম্প্রসারণ ও বাস্তবায়ন


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ জন শিক্ষার্থীর উদ্যোগে স্মার্ট কার্ড প্রজেক্ট এর ডেভেলপমেন্ট ও ইমপ্লিমেন্টেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় দুই মাসের পরিকল্পনা, গবেষণা, উন্নয়ন ও দলগত প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পটির কার্যকর সিস্টেম তৈরি করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড হিসেবে এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে মাইফেয়ার ডিইএসফায়ার ঐভি ৩ প্রযুক্তি। এটি একটি উন্নত ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্ট কার্ড টেকনোলজি,যা সিকিউর অথেনটিকেশন এবং ট্রানজেকশন এর মতো কার্যক্রমে ব্যবহারের উপযোগী। প্রকল্পটির অংশ হিসেবে একটি পিওএস (পয়েন্ট ওফ সেল) মেশিন ও তৈরি করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের পুরোনো ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েব পোর্টালকে আধুনিক, পূর্ণাঙ্গ ডায়নামিক ওয়েব পোর্টালে রূপান্তর করা হয়েছে। সর্বশেষ প্রযুক্তি ও আধুনিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে উন্নত করা নতুন পোর্টালে নিজস্ব ড্যাশবোর্ডসহ বিভিন্ন আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা আরও গতিশীল, সহজলভ্য ও ব্যবহারবান্ধব হবে। একই সঙ্গে চালু করা হয়েছে EV3 স্মার্ট কার্ড সিস্টেম। এ কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় নগদ অর্থ ছাড়াই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। এছাড়া মেডিকেল সেন্টারে টপ-আপ ও চেক-ইন, বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে বই উত্তোলন ও ফেরত, ডিজিটাল উপস্থিতি, আবাসিক হলে প্রবেশ, খাবারের টোকেন ক্রয় এবং দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবা পর্যায়ক্রমে স্মার্ট কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।


এই প্রকল্পটির ব্যাকএন্ড লিড হিসেবে কাজ করেছেন নূর মাহমুদ উল আলম তাসিন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ইউআই/ইউএক্স ডিজাইন লিড হিসেবে মো: তাহের শেখ এবং হার্ডওয়্যার লিড হিসেবে অনিমেষ বরুয়া মুগ্ধ। প্রকল্পটির প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. এএসএম দেলোয়ার হোসাইন, কো-ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মতিউর রহমান এবং অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার।


প্রকল্পটির বিষয়ে সিএসই বিভাগের শিক্ষার্থী মো: তাহের শেখ বলেন, মাভাবিপ্রবি ক্যাম্পাসকে একটি স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রায় দেড় মাসের নিরলস পরিশ্রমের পর সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের স্মার্ট কার্ড প্রজেক্ট। এটি শুধু একটি ক্যাশলেস পেমেন্ট সিস্টেম নয়। আমাদের লক্ষ্য ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস ইকোসিস্টেমে এ রূপান্তর করা।


সিএসই বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তৈরি এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য