আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে গ্রাম্য বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব গোসিংগা ইউনিয়নের খোজেখানী গ্রামে এই আয়োজন করা হয়। স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি একপর্যায়ে জনসমাবেশে রূপ নেয়।
গোসিংগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই গ্রাম বৈঠকে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল মান্নান আকন্দ। পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন হাফেজ মেজবা উদ্দিন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন গোসিংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আব্দুল হাই, গোসিংগা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাসির মোড়ল, আহ্বায়ক সদস্য মনিরা খাতুন, লৎফর রহমান আকন্দ, আবুল কালাম, মোবারক হোসেন আকন্দ, মো. জাকির হোসেন মোড়ল, মোক্কারম হোসেন ফকির, ইলিয়াস প্রধান, মজিবুর রহমান ফকির, সাবেক ইউপি সদস্য সাব্বির আকন্দ খোকন, জাহাঙ্গীর মাস্টার, আনোয়ার হোসেন দুলাল মোড়ল এবং ডা. মুস্তফা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম সুমনকে একজন সৎ, ভদ্র, বিনয়ী ও শিক্ষিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকেন। সমাজসেবামূলক কর্মকাণ্ড ও এলাকার মানুষের প্রতি তার আন্তরিকতার কথা তুলে ধরে বক্তারা বলেন, আগামী নির্বাচনে তিনি গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম সুমন উপস্থিত এলাকাবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গোসিংগা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন খোজেখানী কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আব্দুল মালেক।