বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফাইড’ ব্যাজ আনছে মেটা, সেলফি ভিডিও দিয়েই মিলবে যাচাই

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৪
বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফাইড’ ব্যাজ আনছে মেটা, সেলফি ভিডিও দিয়েই মিলবে যাচাই

এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া প্রোফাইল, ছবি ও কথোপকথনের সংখ্যা বাড়তে থাকায় প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এ লক্ষ্যে ফেসবুকে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফাইড’ ব্যাজ চালু করছে প্রতিষ্ঠানটি।


মেটা জানিয়েছে, এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিয়ে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। এরপর ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকা বিদ্যমান ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। যাচাই সফল হলে সংশ্লিষ্ট প্রোফাইলে নতুন ব্যাজটি যুক্ত হবে। এটি মেটার অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফাইড’ সাবস্ক্রিপশন সেবার থেকে সম্পূর্ণ আলাদা।


প্রাথমিকভাবে এই ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং প্রোফাইল এবং বিভিন্ন গ্রুপে দৃশ্যমান হবে। ভবিষ্যতে নিউজ ফিডে প্রকাশিত পোস্টেও ব্যাজটি দেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।


প্রতিষ্ঠানটির ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এখন ভুয়া পরিচয় তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তাই অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, সে বিষয়ে ব্যবহারকারীদের একটি নির্ভরযোগ্য সংকেত দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মার্কেটপ্লেসে কেনাবেচা, ডেটিং বা স্থানীয় বিভিন্ন গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ব্যাজ আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।


তবে মেটা স্পষ্ট করেছে, ভেরিফাইড ব্যাজ থাকা মানেই কোনো ব্যবহারকারীকে প্রতিষ্ঠানটি অনুমোদন দিচ্ছে বা তার আচরণের নিশ্চয়তা দিচ্ছে—এমনটি নয়। যাচাইকৃত অ্যাকাউন্টগুলোকেও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও কমার্স পলিসি মেনে চলতে হবে।


এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টটি ভালো অবস্থায় থাকতে হবে এবং প্রতারণা, স্ক্যাম বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কোনো ইতিহাস থাকা যাবে না। পেজ বা প্রফেশনাল মোডে থাকা প্রোফাইলের জন্য আপাতত এই সুবিধা প্রযোজ্য হবে না।


মেটা জানিয়েছে, ধাপে ধাপে বিভিন্ন দেশে এই সুবিধা চালু করা হবে। শুরুতে কিছু নির্বাচিত বাজারে এটি উন্মুক্ত করা হলেও প্রথম পর্যায়ে কোন কোন দেশ অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অনলাইনে ভুয়া পরিচয় শনাক্তে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে সেলফি ভিডিও জমা দেওয়ার কারণে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ডেটা ব্যবহারের বিষয়েও ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে। তবুও মেটার আশা, নতুন এই ভেরিফাইড ব্যাজ ব্যবহারকারীদের অন্তত নিশ্চিত করবে যে সংশ্লিষ্ট প্রোফাইলটির পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য